বৃহস্পতিবার , ১১ জুন ২০২৬
 বৃহস্পতিবার , ১১ জুন ২০২৬

সিলেট-৩ আসনে শেষ সময়ের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

আইকন
স্টার সিলেট
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সিলেট-৩ আসনে শেষ সময়ের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে ভোটের উত্তাপ এখন তুঙ্গে। নির্বাচনের শেষ মুহূর্তে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। মঙ্গলবার প্রচারণায় শেষ দিন হওয়ায় দরজায় এসে কড়া নাড়ছে ভোট উৎসব।


উঠান বৈঠক, মিছিল, সভা-সমাবেশ ও গণসংযোগ করে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা। উপজেলা সদর থেকে শুরু করে গ্রাম-পাড়া-মহল্লায় ভোটের আবদারে নিরলসভাবে চষে বেড়াচ্ছেন তাঁরা। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এ আসনে সংসদ সদস্য প্রার্থী ৬ জন। প্রার্থীদের কর্মী-সমর্থকরা হাটবাজারে করছেন প্রচার মিছিল। 


এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ মালিক(ধানের শীষ) ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। দেশ শাসনের ধারাবাহিকতা, রাস্তাঘাট উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধার সহ প্রতিটি পরিবারের নারীদের মাঝে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন। 


১১ দলীয় জোট মনোনীত প্রার্থী মাওলানা মুসলেহ উদ্দীন রাজু(রিকশা) ভোটের মাঠে নতুন। এলাকায় প্রভাব-প্রতিপত্তি থাকলেও রাজনীতির মাঠে তেমন পরিচিত মুখ নয়। তবু এ আসনে আলোচনার শীর্ষে রয়েছেন মাওলানা মুসলেহ উদ্দীন রাজু। জনপ্রিয় প্রতীক ধানের শীষকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে তার রিকশা প্রতীক। ভোটের মাঠে নবাগত হলেও তিনি ইতোমধ্যে নিজের ভিত বেশ শক্তিশালী করে তুলেছেন। 


আরেক স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। ভোটের মাঠে তার মার্কা ফুটবল দিয়ে গোল দিতে চান। সে লক্ষ্যে দিন-রাত ছুটে বেড়াচ্ছেন ভোটারদের কাছে। দিন দিন বাড়ছে তার সমর্থক সংখ্যা। যুব সমাজের আইকন খ্যাত ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরীর জনসংযোগ পথসভা রূপান্তর হচ্ছে জনসভায়। নিজের পছন্দের প্রার্থীর জয় নিশ্চিত করতে ঝাপিয়ে পড়েছেন তরুনরা। তার বিভিন্ন নির্বাচনী কার্যক্রমে নতুন ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ভোটের হিসাবে নতুন সমীকরণ হিসাবে যোগ হচ্ছে। জনসংযোগ ও পথসভায় নিজের বিভিন্ন পরিকল্পনা নিয়ে কথা বলছেন তিনি। 


জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আতিকুর রহমান আতিক(লাঙ্গল) ভোটের মাঠে সক্রিয় থাকলেও কর্মী-সমর্থক সংখ্যা সীমিত। এক সময় এ আসন 'জাতীয় পার্টির দূর্গ' হিসেবে পরিচিতি থাকলেও সময়ের পরিক্রমায় জৌলুস হারিয়েছে দলটি। 


এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা রেদওয়ানুল হক চৌধুরী(হাতপাখা) প স্বতন্ত্র প্রার্থী ময়নুল বাকর (কম্পিউটার) প্রতিদ্বন্ধিতা করছেন।