ছড়া
কোরবানির ঈদ
চাঁদ উঠেছে নীল আকাশে,
বইছে খুশির ঢেউ বাতাসে
শহর থেকে গ্রামে।
বহুদিন পর ঈদ এসেছে,
সবার মনে সুখ জেগেছে
শোকর প্রভুর নামে।
কোরবানির ঈদ ত্যাগের শিক্ষা,
ইব্রাহিম নবীর সে দীক্ষা
হৃদয় করুক ধারণ।
রবের খুশির ব্রত নিয়ে,
মানবতা যাক ছড়িয়ে
ভালবাসার কারণ।
জ্বলে উঠুক ত্যাগের আলো,
দূর করে সব মনের কালো
বাড়ুক মায়ার টান।
গরীব দুঃখী সবার মুখে,
হাসি ফুটুক অপার সুখে
নেচে উঠুক প্রাণ।